উসকানিদাতাদের ছাড় নয়: ইরান

whatsapp sharing button

ইরানের সরকারবিরোধী বিক্ষোভে উসকানিদাতাদের কোনো ছাড় হবে না, জানিয়েছে দেশটির ইসলামি প্রজাতন্ত্রী সরকার। প্রধান বিচারপতি গোলামহোসেইন মোহসেনি এজেই এক সাক্ষাৎকারে জানিয়েছেন, যারা সন্ত্রাস, সশস্ত্র বাহিনীর ওপর হামলা এবং ধ্বংসাত্মক কাজে উসকানি দিয়েছে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

প্রধান বিচারপতি মোহসেনি এজেই রবিবার (২৫ জানুয়ারি) ইরানি সংবাদমাধ্যম মিজান অনলাইনকে বলেন, “জনগণ আশা করছে যে যারা সরকারবিরোধী বিক্ষোভে দাঙ্গা, সন্ত্রাস ও সহিংসতায় উসকানি দিয়েছে—তাদের দ্রুত বিচার করা হোক এবং দোষী সাব্যস্ত হলে শাস্তি দেওয়া হোক। আমরা জনগণের দাবির প্রতি শ্রদ্ধাশীল।”

ইরানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মূল্যস্ফীতির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর থেকে বিক্ষোভ শুরু হয়। অল্প দিনের মধ্যে দেশটির ৩১টি প্রদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং ক্রমশ তীব্রতা বৃদ্ধি পায়।

সরকার বিক্ষোভ দমন করতে দেশজুড়ে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেয় এবং পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করে। ব্যাপক দমন-পীড়নের ফলে বিক্ষোভের উত্তেজনা অনেকটাই প্রশমন করা সম্ভব হয়।

ইরানের সরকারি তথ্য অনুযায়ী, বিক্ষোভে ৩ হাজার ১১৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে ২ হাজার ৪২৭ জনকে ‘শহীদ’ এবং ৬৯০ জনকে ‘সন্ত্রাসী-দাঙ্গাকারী’ হিসেবে ঘোষণা করা হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতদের মধ্যে যারা সন্ত্রাস, দাঙ্গা বা সরকারি স্থাপনায় হামলা চালিয়েছে—তাদের ‘সন্ত্রাসী-দাঙ্গাবাজ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

গোলামহোসেইন মোহসেনি এজেই আরও বলেন, “যারা অস্ত্র হাতে নিয়েছে, মানুষ হত্যা করেছে, অগ্নিসংযোগ ও ধ্বংস করেছে—তাদের ক্ষেত্রে কোনো নমনীয়তা দেখানো হবে না। তদন্ত শুরু হয়েছে এবং তাদের বিরুদ্ধে যথাযথ বিচার কার্যক্রম চলমান রয়েছে।”

এই ঘোষণার মাধ্যমে ইরান স্পষ্ট বার্তা দিয়েছে যে সরকারবিরোধী বিক্ষোভে উসকানিদাতাদের কোনো ছাড় দেওয়া হবে না এবং যারা সহিংসতায় লিপ্ত, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ নিশ্চিত করা হবে। তথ্যসূত্র : এএফপি