জ্বালানিবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণে, নিহত ৩৮

whatsapp sharing button

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। মূলত জ্বালানিবাহী এই ট্যাঙ্কারটি উলটে যাওয়ার পর অনেকেই রাস্তায় ছড়িয়ে পড়া জ্বালানি সংগ্রহের চেষ্টা করেন। আর সেই সময় ট্যাঙ্কারটিতে বিস্ফোরণ ঘটে। দেশটির দক্ষিণাঞ্চলের এজ্জা গ্রামে কাচা-আগাই সড়কে বুধবার (২২ অক্টোবর) এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

নাইজার রাজ্যের পেট্রোলিয়াম ট্যাঙ্কার ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফারুক মোহাম্মদ কাও সাংবাদিকদের বলেন, বেশিরভাগ নিহত ব্যক্তি বিস্ফোরণের আগে ট্যাঙ্কার থেকে তেল সংগ্রহ করছিলেন।

কমান্ডার হাজিয়া আইশাতু সাদু জানান, উদ্ধারকাজ এখনো চলছে। এই দুঃখজনক ঘটনায় ব্যস্ত ওই মহাসড়কে মারাত্মক যানজট তৈরি হয়েছে, বিশেষ করে সড়কের খারাপ অবস্থার কারণে।

প্রসঙ্গত, পশ্চিম আফ্রিকার এই দেশটিতে জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণ এবং সড়ক দুর্ঘটনা বেশ সাধারণ ঘটনা। প্রায় সময়ই রাস্তার খারাপ অবস্থা এবং খারাপভাবে রক্ষণাবেক্ষণ করা যানবাহনের কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।