দুই দিনের সফরে পাকিস্তানে থাকা জর্ডানের বাদশাহ আবদুল্লাহ পাকিস্তান ও জর্ডান সামরিক সহযোগিতা আরও বিস্তারের অঙ্গীকার করেছে। বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ রোববার পাকিস্তানি সেনাদের কার্যকর সক্ষমতার প্রশংসা করেন। একই সঙ্গে পাকিস্তানের বেসামরিক ও সামরিক নেতৃত্ব হাশেমি রাজতন্ত্রের সঙ্গে সামরিক-সামরিক সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এ খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন।
তিনি গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ডিফেন্স সল্যুশনস (জিআইডিএস), টিলা ফিল্ড ফায়ারিং রেঞ্জেস এবং আইওয়ান-এ-সদর পরিদর্শন করেন। জিআইডিএসে পৌঁছালে সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ অসিম মুনির ও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা তাকে স্বাগত জানান। তার সঙ্গে ছিলেন প্রিন্সেস সালমা বিনতে আবদুল্লাহ এবং জর্ডানের বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
সফরকালে বাদশাহকে জিআইডিএসের কাঠামো, সক্ষমতা ও পণ্যের পোর্টফোলিও সম্পর্কে ব্রিফ করা হয়। এতে পাকিস্তানের নিজস্ব প্রতিরক্ষা শিল্পের উন্নতি, প্রযুক্তিগত উদ্ভাবন এবং দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতার সম্ভাব্য নতুন পথ তুলে ধরা হয় বলে সামরিক বিবৃতিতে উল্লেখ করা হয়।
পরে আইএসপিআর জানায়, বাদশাহ আবদুল্লাহ টিলা ফিল্ড ফায়ারিং রেঞ্জও পরিদর্শন করেন। এই সময় প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও আজারবাইজানের প্রতিরক্ষামন্ত্রী ভুগার মুসতাফায়েভ উপস্থিত ছিলেন। অতিথিরা একটি যৌথ ফায়ার ও ম্যানুভার মহড়া প্রত্যক্ষ করেন। আইএসপিআর জানায়, মহড়ায় বহুবিধ ক্ষেত্রের সমন্বিত অপারেশন, প্রচলিত ও আকাশ-অগ্নিশক্তি, সমন্বিত ম্যানুভার এবং ড্রোনসমর্থিত স্পেকট্রাম যুদ্ধ সক্ষমতা প্রদর্শিত হয়।