প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত আমেরিকার নিউইয়র্ক ও নিউজার্সি। ডুবে গেছে রাস্তাঘাট। বাদ পড়েনি মেট্রো স্টেশন, পেট্রল পাম্পও। ইতিমধ্যেই সেখানে জারি করা হয়েছে জরুরি অবস্থা। সেই সঙ্গে নিউইয়র্কের ম্যানহাটন, ব্রঙ্কস, ব্রুকলিন, কুইন্স এবং স্টেটেন দ্বীপে জারি করা হয়েছে বন্যা সতর্কতা। একই পরিস্থিতি নিউ জার্সির। ভারী বৃষ্টিপাতের ফলে সেখানে থমকে গিয়েছে যাপিত জীবন।
সেখানকার গভর্নর ফিল মারফি এক্স হ্যান্ডেলে লেখেন, প্রবল বৃষ্টির জেরে শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। খুব প্রয়োজন না পড়লে আপাতত কেউ বাড়ির বাইরে বেরোবেন না। আগামী কয়েকদিন ম্যানহাটন এবং স্টেটেন দ্বীপে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এর ফলে সেখানকার অবস্থা আরও খারাপ হতে পারে বলে মনে করা হচ্ছে।
স্থানীয় সময় সোমবার ভারী বৃষ্টিতে প্লাবিত হয় সেখানকার নিম্নাঞ্চলগুলো। বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যার কারণে শহর দুটির বিভিন্ন জায়গায় যানবাহন আটকে যায়। বন্ধ হয়ে যায় সাবওয়ের লাইন। গত কয়েকদিন ধরেই তুমুল বৃষ্টি হওয়ায় নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া এবং এর আশাপাশের অঞ্চলে আকস্মিক বন্যার সতর্কতা জারি করা হয়।
নিউইয়র্ক সিটির কিছু সাবওয়ে লাইন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। যেগুলো সচল ছিল সেখানেও ট্রেনগুলো প্রচণ্ড বিলম্ব নিয়ে চলাচল করেছে। নিউইয়র্কের ওয়েস্টচেস্টার কাউন্টিতে বন্যার পানিতে বেশ কয়েকটি গাড়ি আটকে যায়। সেগুলোর ভেতর থাকা মানুষকে উদ্ধারে অভিযান শুরু করেন উদ্ধারকারীরা।
ক্ষিণপূর্ব পেনসিলভেনিয়ায় সোমবার পাঁচ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে ৭ ইঞ্চি বৃষ্টিপাত হয়। কিছু কিছু বাড়ির বাসিন্দারা জানান তাদের ঘরে ৫ ফুটের বেশি পানি প্রবেশ করেছে। এরপর সেখানে বিপর্যয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়। যদিও সেখানে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সময় সোমবার সন্ধ্যার পর থেকে বৃষ্টির তীব্রতা কমতে শুরু করেছে। তখন পানিও নেমে যেতে শুরু করে। তবে কোথাও কোথাও এখনো পানি জমে আছে।