ভারতে ইলিশ রপ্তানির অনুমতি পেল ৩৭ প্রতিষ্ঠান

whatsapp sharing button

আসন্ন দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির জন্য ৩৭টি প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির জন্য ৩৭টি প্রতিষ্ঠানের অনুকূলে ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

রপ্তানির সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১৬ই সেপ্টেম্বর থেকে পাঁচই অক্টোবর পর্যন্ত। এই নির্দেশনায় কিছু শর্তও আরোপ করা হয়েছে।

যেখানে বলা হয়েছে, রপ্তানি নীতি ২০২৪-২৭ এর বিধি-বিধান অনুসরণ করতে হবে, শুল্ক কর্তৃপক্ষ রপ্তানিযোগ্য পণ্যের যথাযথ পরীক্ষা-নিরীক্ষা করবে এবং প্রতি কেজি ইলিশের মূল্য ন্যূনতম ১২.৫ মার্কিন ডলার হতে হবে।

এছাড়া অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি ইলিশ রপ্তানি করা যাবে না বলেও উল্লেখ করা হয়েছে।