যুক্তরাষ্ট্রের অধীনস্থ ক্যারিবিয়ান দ্বীপ পুয়ের্তো রিকোতে নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি শুক্রবার জুমার নামাজ আদায় করেছেন। তিনি রাজধানী সান জুয়ানের একটি মসজিদে গিয়ে মুসল্লিদের সঙ্গে নামাজে অংশ নেন।
জোহরান মামদানিকে মসজিদে উপস্থিত মুসল্লিরা উচ্ছ্বাসের সঙ্গে স্বাগত জানান। খুতবার পর ৩৪ বছর বয়সি এই নেতা সাধারণ মুসল্লিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়েন। নামাজ শেষে তাকে মানুষের মাঝে খাবার বিতরণ করতেও দেখা যায়।
তিনি মাত্র দুই দিন আগে নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ঐতিহাসিক জয় পান। সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো ও রিপাবলিকান কার্টিস স্লিওয়াকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন। এই নির্বাচনে দুই মিলিয়নেরও বেশি ভোট পড়ে, যা শহরের ইতিহাসে রেকর্ড।
বৃহস্পতিবার তিনি সান জুয়ানে অনুষ্ঠিত ‘সোমোস কনফারেন্স’- সম্মেলনে যান, প্রতি বছর নিউইয়র্কের রাজনীতিক, নীতিনির্ধারক ও লবিস্টরা একত্রিত হন। সম্মেলনে বিভিন্ন কর্মশালা ও আলোচনার পাশাপাশি অনানুষ্ঠানিকভাবে মতবিনিময়ের সুযোগও থাকে।
নির্বাচনের পর এটি জোহরান মামদানির প্রথম বড় রাজনৈতিক সফর। সম্মেলনে তিনি তার প্রশাসনের পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন। এই সফরে তিনি তার একটি টিম নিয়ে অংশ নিচ্ছেন এবং ইতোমধ্যে সিটি হলে প্রশাসন গঠনের জন্য একটি ট্রানজিশন টিম গঠন করেছেন। সম্মেলনে তিনি নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমসের আয়োজিত এক সংবর্ধনায়ও যোগ দেবেন।