৭০ হাজার ফিলিস্তিনিকে হত্যার কথা স্বীকার করল ইসরায়েল

whatsapp sharing button

গত ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় চালানো নির্বিচারে আগ্রাসনের পর, ইসরায়েল স্বীকার করেছে যে রিপোর্ট লেখা পর্যন্ত প্রায় ৭০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। দেশটির জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে বিভিন্ন ইসরায়েলি সংবাদমাধ্যম এ তথ্য প্রকাশ করেছে।

এর আগে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রকাশিত নিহতের সংখ্যার বিষয়ে ইসরায়েল সন্দেহ প্রকাশ করেছিল। তারা যুক্তি দেখায়, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হামাসের নিয়ন্ত্রণে থাকার কারণে তথ্য বিশ্বাসযোগ্য নয়। তবে জাতিসংঘ দীর্ঘদিন ধরে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের নথিভুক্ত নিহতের সংখ্যা নির্ভরযোগ্য বলে স্বীকৃতি দিয়ে আসছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়মিতভাবে নিহতদের নাম, বয়স ও অন্যান্য তথ্য প্রকাশ করে। সর্বশেষ হিসেবে, তারা জানিয়েছে মোট নিহতের সংখ্যা ৭১ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অক্টোবরে শুরু হওয়া যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় নিহত ৪৮০-এর বেশি মানুষ রয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আরও বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক এবং যোদ্ধাদের পৃথকভাবে চিহ্নিত করা হয়নি, তবে অধিকাংশ নিহত নারী ও শিশু বলে উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার, ইসরায়েলের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক ব্রিফিংয়ে ওয়াইনেট নিউজসহ দেশটির শীর্ষ সংবাদমাধ্যম জানিয়েছে, সামরিক বাহিনীও প্রায় একই ধরনের হিসাব মেনে নিয়েছে। ওয়াইনেটকে এক সামরিক কর্মকর্তা বলেন, “আমাদের হিসাব অনুযায়ী, যুদ্ধে প্রায় ৭০ হাজার গাজাবাসী নিহত হয়েছেন। এখানে নিখোঁজ ব্যক্তিরা অন্তর্ভুক্ত নয়।”

এই বিষয়ে মন্তব্য জানতে চাইলে ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, “যেকোনও তথ্য বা প্রতিবেদন অফিশিয়াল ও নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে প্রকাশ করা হবে।” তথ্যসূত্র : রয়টার্স