মসজিদুল হারাম ও মসজিদে নববীতে একমাসে ৬ কোটি মুসল্লি

whatsapp sharing button

দুই পবিত্র মসজিদে ৩০ দিনে আগত জিয়ারতকারীর সংখ্যা ৬ কোটি ৬৬ লাখ ৩৩ হাজার ১৫৩ জনে পৌঁছেছে। গত জমাদিউল আউয়াল মাসে এই সংখ্যক মানুষ মসজিদুল হারাম ও মসজিদে নববীতে আগমন করেছেন। যা পূর্ববর্তী মাসের তুলনায় ১ কোটি ২১ লাখের বেশি। বুধবার এ তথ্য জানিয়েছে হারামাইন বিষয়ক জেনারেল অথরিটি।

এ সময়ে মক্কার মসজিদুল হারামে নামাজ আদায় করেছেন ২ কোটি ৫৯ লাখ ৮৭ হাজার ৬৭৯ জন। এর মধ্যে মাতাফ এলাকায় ছিলেন ১ লাখ ৪৮৯ জন। আর মাসজুড়ে ওমরাহ পালন করেছেন ১ কোটি ৩৯ লাখ ৭২ হাজার ৭৮০ জন।

একই মাসে মদিনার মসজিদে নববীতে নামাজ আদায় করেছেন ২ কোটি ৩২ লাখ ৯৬ হাজার ১৮৫ জন। এর মধ্যে রওজা শরিফে ইবাদত করেছেন ৯ লাখ ১২ হাজার ৬৯৫ জন। রাসুলুল্লাহ (সা.) ও দুই সাহাবি আবু বকর ও ওমর (রা.)-এর রওজায় সালাম পেশ করেছেন ২৩ লাখ ৬৩ হাজার ৩২৫ জন।

জানা গেছে, দুই পবিত্র মসজিদের দর্শনার্থী ও ইবাদতকারীর সংখ্যা নির্ধারণে হারামাইন অথরিটি সেন্সরভিত্তিক আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে।