২০২৬ সালে বাংলাদেশ থেকে হজ পালন করবেন ৭৮ হাজার ৫০০ জন হাজী

whatsapp sharing button

সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে ২০২৬ সালের হজচুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ বিকালে সৌদি আরবের জেদ্দায় এ চুক্তি সম্পন্ন হয়।

বাংলাদেশের পক্ষে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এবং সৌদি আরবের পক্ষে সে দেশের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ এ চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি অনুসারে ২০২৬ সালে বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করতে পারবেন।

হজচুক্তি স্বাক্ষরের সময় ধর্ম উপদেষ্টা সামগ্রিক হজ ব্যবস্থাপনা নিয়ে সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সাথে আলোচনা করেন। তিনি বাংলাদেশের হজ ব্যবস্থাপনার অগ্রগতি সম্পর্কেও সৌদি মন্ত্রীকে অবহিত করেন। এছাড়া, মিনা-আরাফা ও মুজদালিফার তাঁবু ব্যবস্থাপনা, পানি সরবরাহ ও স্যানিটেশন সুবিধা বাড়ানোর বিষয়ে সৌদি মন্ত্রীকে অনুরোধ জানান উপদেষ্টা।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী বাংলাদেশের সাম্প্রতিক হজ ব্যবস্থাপনার প্রশংসা করেন। তিনি বাংলাদেশি হাজীদের সর্বোচ্চ সেবা দেয়ারও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ধর্ম উপদেষ্টা সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এতে সম্মতি দেন সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী।

চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে ধর্ম সচিব মো. কামাল উদ্দিন, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার ড. হাসান মানাখারা, বাংলাদেশে সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়াহ প্রমুখ উপস্থিত ছিলেন।