খুলনার টুটপাড়ায় নানি ও দুই নাতি-নাতনিকে হত্যা

whatsapp sharing button

খুলনা মহানগরীর লবণচরা থানার দক্ষিণ টুটপাড়া এলাকায় হৃদয়বিদারক একটি হত্যাকাণ্ডে নানি ও দুই নাতি-নাতনি খুন হয়েছে। রোববার বিকেলে মুক্তা কমিশনার কালভাট এলাকার দরবেশ মোল্গা লেন সংলগ্ন একটি বাড়ির মুরগির খোপের পাশ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন মহিদুন্নেসা (৫৫), স্বামী: আব্দুল হান্নান, তার নাতি মুস্তাকিম (৮), নাতনি ফাতিহা (৬)। তাদের বাবা কে এম সেফার আহমেদ মুন এবং মা রুবি আক্তার।

স্থানীয়রা জানান, রোববার দুপুর থেকে সন্ধ্যার মধ্যবর্তী কোনো সময়ে অজ্ঞাত কেউ বা কারা তাদের হত্যা করে থাকতে পারে। পরিবার ও প্রতিবেশীরা দীর্ঘক্ষণ ধরে তাদের খোঁজ না পেয়ে সন্ধ্যা নাগাদ বাড়ির মধ্যে থাকা মুরগির খোপের পাশে মরদেহ তিনটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে লবণচরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে। হত্যাকাণ্ডের পদ্ধতি, উদ্দেশ্য ও সম্ভাব্য জড়িতদের বিষয়ে এখনো কিছু নিশ্চিত হওয়া যায়নি।

শিশুসহ তিনজনকে হত্যার এই নির্মম ঘটনায় এলাকাবাসী দোষীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

লবণচরা থানার কর্মকর্তারা জানান, ঘটনাটি অত্যন্ত রহস্যজনক। তদন্ত চলছে এবং হত্যার কারণ উদ্ঘাটনে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।