প্রতারণা মামলায় বনানীর ব্যবসায়ী গ্রেফতার

whatsapp sharing button

অর্থ আত্মসাৎ, প্রতারণা, জালিয়াতির মামলায় আদনান খন্দকার (৪১) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ভাটারা থানা থানা পুলিশ। (২৪ জুলাই) বৃহস্পতিবার রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে এক ব্যবসায়ীর ৫ কোটি ৬১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ভাটারা থানার ওসি মো. রাকিব হাসান।

তিনি বলেন, গত ২ জুলাই মোহাম্মদ শাহ আজম নামে ক্যাথারসিস ইন্টারন্যাশনালের ম্যানেজার অভিযোগ করেন, রাজ ওভারসীজের ব্যবস্থাপনা পরিচালক আদনান খন্দকার ব্যবসায়িক ঋণ হিসেবে ৫ কোটি ৬১ লাখ ৭৫ হাজার টাকা নেন। আদনান টাকা পরিশোধের লক্ষ্যে এবি ব্যাংকের দুটি চেক দেয়। চেকগুলো নগদায়ন করতে গিয়ে দেখা যায় তার হিসাবে টাকা নাই। ঋণের মাধ্যমে গ্রহণ করা অর্থ ফেরত না পাওয়ায় আদনানের বিরুদ্ধে গত ২ জুলাই ভাটারা থানায় মামলা করা হয়। ওসি আরও বলেন, আসামি আদনানের বিরুদ্ধে ফৌজদারী দণ্ডবিধির ৪০৬, ৪২০ ও ৫০৬ ধারায় মামলা রয়েছে। ওই মামলার জেরে তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আদনানকে গ্রেফতার করার পরপরই বিভিন্ন মহল থেকে তাকে ছাড়িয়ে নিতে তদবির শুরু করে। তবে পুলিশ জানিয়েছে এজহারনামীয় আসামি হিসেবে তাকে আদালতে সোপর্দ করা হবে।