আরো বড় ভূমিকম্পের আগাম বার্তা

whatsapp sharing button

বড় ভূমিকম্প আসার আগে ছোট ছোট ভূমিকম্প হয় এটি তার আগাম বার্তা, এমনটা মনে করছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পূরকৌশল বিভাগের অধ্যাপক ও ভূমিকম্প গবেষক মেহেদি আহমেদ আনসারী।

শুক্রবার বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলছেন, সাধারণত একশ থেকে দেড়শ বছর পরপর একটি অঞ্চলে বড় মাত্রার ভূমিকম্প হওয়ার শঙ্কা থাকে। বাংলাদেশ ও এর আশপাশের কাছাকাছি এলাকায় গত দেড়শ বছরে একটি বড় ও প্রায় পাঁচটি মাঝারি মাত্রার ভূমিকম্প হয়েছে।

বাংলাদেশের আশপাশে সবশেষ বড় ভূমিকম্প সংগঠিত হয়েছিল প্রায় একশ বছর আগে। তাই আরেকটি বড় ভূমিকম্প কাছাকাছি সময়ে হতে পারে এমন শঙ্কা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আনসারী বলছেন, বিল্ডিং কোড না মেনে ভবন তৈরি করলে ক্ষয়ক্ষতি বেশি হবে এটিই স্বাভাবিক। ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া জরুরি।

তিনি বলেন, বিশেষ করে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বড় শহরগুলোতে অপরিকল্পিতভাবে যে ভবনগুলো গড়ে তোলা হচ্ছে তাতে ক্ষয়ক্ষতির শঙ্কা বেড়েই চলেছে।

বিশেষজ্ঞরা বিভিন্ন সময়ে আশঙ্কা প্রকাশ করেছেন, বাংলাদেশে যদি পরিপূর্ণ মাত্রার ভূমিকম্প আঘাত হানে তাহলে ক্ষয়ক্ষতি হবে ভয়াবহ, লক্ষাধিক মানুষের প্রাণহানি হলেও সেটা অবাক হওয়ার কিছু হবে না। ঢাকার মত একটা ঘনবসতি পূর্ণ এলাকায় যেভাবে অপরিকল্পিত ভাবে বিল্ডিং নির্মাণ করা হয়েছে তাতে যদি অদূর ভবিষ্যতে এমন কোন প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে তাহলে শুধু উদ্ধার কাজ শেষ করতেই লেগে যাবে অন্তত এক মাস।