গোপালগঞ্জের ঘটনায় ‘যারা অন্যায় করেছে, কাউকেই ছাড় দেওয়া হবে না’ – স্বরাষ্ট্র উপদেষ্টা

whatsapp sharing button

আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন। তিনি বলেন, ‘যারা অন্যায় করেছে, তারা গ্রেপ্তার হবে। কাউকে তো ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না।’

গোপালগঞ্জের পরিস্থিতি এখন মোটামুটি স্বাভাবিক বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। গোপালগঞ্জে গতকাল বুধবার যে ঘটনা ঘটেছে, সে সম্পর্কে গোয়েন্দা তথ্য ছিল কি না, এ–সংক্রান্ত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোয়েন্দা তথ্য ছিল। তবে এত পরিমাণ যে হবে, ওই তথ্য হয়তো ছিল না।

এক সাংবাদিক প্রশ্ন করেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা অভিযোগ করেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শৃঙ্খলা রাখতে পারেনি। এ–সংক্রান্ত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, ‘আপনিও তো অনেক কিছু বলতে পারেন। যার যার বক্তব্য সে সে দেবে।’

জাহাঙ্গীর আলম বলেন, গতকাল যে ঘটনা ঘটছে তা সবাই দেখেছে। নির্দেশনা দেওয়া হয়েছে, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে। সে জন্য সব ধরনের সতর্কতা নেওয়া হবে। এখন ওই জায়গার পরিস্থিতি স্বাভাবিক।