গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ঘিরে হামলা-সংঘর্ষের ঘটনায় পুলিশ ও গোপালগঞ্জ জেলা কারাগারের জেলার বাদী হয়ে সদর ও টুঙ্গিপাড়া থানায় নতুন দুইটি মামলা করেছেন। এসব মামলায় ১ হাজার ৪৪২ জনকে আসামি করা হয়েছে।
এর মধ্যে টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক মো. মনির হোসেন বাদী হয়ে টুঙ্গিপাড়া পৌরসভার ৫নং ওয়ার্ডের সভাপতি নুরুল ইসলাম শেখ ও সাধারণ সম্পাদক ইফতি জামানসহ (পল্লব) ৮২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০ আসামি করে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ১৫(৩) ধারা এ মামলা দায়ের করেন।
অপরদিকে গোপালগঞ্জ জেলা কারাগারে হামলার ঘটনায় গোপালগঞ্জ কারাগারের জেলার তানিয়া জামান বাদী হয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা ও সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালসহ ১৬০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০০ জনকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর মোহাম্মদ সাহেদুর রহমান ও টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম মামলার বিষয়ে নিশ্চিত করেছেন।