জামায়াত অভ্যন্তরীণ শৃঙ্খলা ও সততার সুনাম বজায় রেখেছে : প্রেস সচিব শফিকুল আলম

whatsapp sharing button

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বের প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তার মতে, ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াত অভ্যন্তরীণ শৃঙ্খলা ও সততার সুনাম বজায় রেখেছে।

শনিবার (২ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টের মাধ্যমে জামায়াত আমিরের প্রশংসা করেন শফিকুল আলম। ওই পোস্টে ডা. শফিকুর রহমানের দ্রুত সুস্থতার জন্য দোয়াও চান তিনি।

নিজের পোস্টে শফিকুল আলম লেখেন, ‘হার্ট সার্জারির পর শফিকুর রহমান ভাইয়ের কথা ভেবেছি এবং তাকে আমার দোয়ায় রেখেছি। গভীর অনিশ্চয়তার এ সময়ে তার ধৈর্যশীল নেতৃত্ব ও সংস্কার প্রক্রিয়ায় গঠনমূলক অংশগ্রহণের সদিচ্ছা সত্যিই প্রশংসনীয়। তার নেতৃত্বে জামায়াত অভ্যন্তরীণ শৃঙ্খলা ও সততার সুনাম বজায় রেখেছে, যা সব দলের অন্য অনুকরণীয়। আল্লাহর কাছে প্রার্থনা, তিনি যেন দৃঢ়তা ও প্রশান্তি লাভ করেন এবং দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন, ইনশাল্লাহ।’

এদিকে, শনিবার (২ আগস্ট) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে জামায়াতের আমিরের ওপেন হার্ট সার্জারি হয়। অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এর আগে, ডা. শফিকুর রহমানের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড তাকে বিদেশে চিকিৎসার পরামর্শ দিয়েছিলেন। তবে তিনি দেশের বাইরে চিকিৎসা না নিয়ে দেশেই চিকিৎসা নিতে এককভাবে সিদ্ধান্ত নেন। দেশের চিকিৎসায় সাধারণ মানুষের আস্থা ফেরাতে এই সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানিয়েছিলেন তিনি।