জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান ১৫ অক্টোবরের পরিবর্তে ১৭ অক্টোবর 

whatsapp sharing button

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান পেছাল। জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান দুই দিন পেছানোর সিদ্ধান্ত হয়েছে। আগামী ১৫ অক্টোবরের পরিবর্তে ১৭ অক্টোবর (শুক্রবার) এই সনদ স্বাক্ষর অনুষ্ঠিত হবে। শনিবার (১১ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে ঐকমত্য কমিশন এ সিদ্ধান্ত নেয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বৈঠকে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান একটি ঐতিহাসিক ঘটনা। আগ্রহী জনগণের অংশগ্রহণের সুবিধার্থে অনুষ্ঠানটি ১৭ অক্টোবর (শুক্রবার) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।

অন্তর্বর্তী সরকা গঠিত ৬টি সংস্কার কমিশনের ৮৪টি সংস্কার প্রস্তাব নিয়ে তৈরি হচ্ছে জুলাই জাতীয় সনদ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন। এ ছাড়া সেখানে বিভিন্ন শ্রেণি ও পেশার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে।