জাতীয় নাগরিক পার্টি-এনসিপিকে ‘শাপলা কলি’, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলকে (মার্কসবাদী) ‘কাঁচি’ ও আমজনগণ পার্টিকে ‘হ্যান্ডশেক’ প্রতীক দেওয়া হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত তিনটি পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব রাজনৈতিক দলের নিবন্ধন বা প্রতীক বরাদ্দ নিয়ে কারো আপত্তি থাকলে ১২ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় দলিলপত্রসহ লিখিতভাবে ইসির সিনিয়র সচিবের কাছে জমা দিতে হবে।
এর আগে নির্বাচন কমিশন জাতীয় নাগরিক পার্টিসহ এই ৩টি নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন প্রদানের সিদ্ধান্ত নেয়।
বিকেলে আগারগাঁওয়ে সাংবাদিকদের ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, নিবন্ধনপ্রাপ্ত দলগুলোর বিষয়ে দাবি-আপত্তি আহ্বান করে বুধবার পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। দাবি-আপত্তি নিষ্পত্তির পরই চূড়ান্তভাবে নিবন্ধনের সনদ প্রদান করা হবে।