পুরান ঢাকায় ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা, ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার

whatsapp sharing button

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) সামনে লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) নামের এক ব্যক্তিকে এলোপাতাড়িভাবে আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

চারজনের মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন মাহমুদুল হাসান মহিন (৪১) ও তারেক রহমান রবিন (২২)। এর মধ্যে তারেক রহমান রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। বাকি দুই আসামিকে র‌্যাব গ্রেপ্তার করেছে বলে পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে তাঁদের নামপরিচয় উল্লেখ করা হয়নি।