মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির সিন্ডিকেটের প্রধান রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

whatsapp sharing button

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির সিন্ডিকেটের প্রধান রুহুল আমিন ওরফে স্বপন ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রায় ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

ঢাকা মহানগর দায়রা জজ আদালত এসব সম্পত্তির ওপর ক্রোকাদেশ দেন বলে আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‎মালয়েশিয়ায় জনশক্তি পাঠানোর উদ্দেশ্যে সিন্ডিকেট করে ৮ হাজার কোটি টাকা আত্মসাৎ করে বাড়ি ও জমি কিনে অঢেল সম্পদের মালিক হন রুহুল আমিন ওরফে স্বপন। তিনি মানি লন্ডারিংয়ের অপরাধে অভিযুক্ত।

রুহুল আমিনের প্রতিষ্ঠান ক্যাথারসিস ইন্টারন্যাশনালের নামে ঢাকার বসুন্ধরা আবাসিক, বনানী ও উত্তরা এলাকার সাতটি দলিলের মোট জমির পরিমাণ ২৩১ কাঠা। এর দলিলমূল্য ১৫ কোটি ৫৫ লাখ ৩৩ হাজার টাকা।

সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে রুহুল আমিনের এসব জমি, ক্যাথারসিস ইন্টারন্যাশনাল, বিভিন্ন অবকাঠামোসহ মোট ৫০০ কোটি টাকার স্থাবর সম্পত্তি ক্রোক করা হয়েছে।

‎‎তিনি ও সিন্ডিকেটের অন্য সদস্যদের বিরুদ্ধে সিআইডির অনুসন্ধান চলমান রয়েছে। তাঁদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।