সুন্দরবনে যৌথ অভিযানে গ্রেফতার-১, অস্ত্র ও গুলি উদ্ধার

whatsapp sharing button

খুলনা ব্যুরো: 
সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত দল ‘ছোটন বাহিনী’র এক সক্রিয় সহযোগীকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌ বাহিনী। খুলনার কয়রার খাশিটানা খাল এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ছোটন বাহিনী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে কয়রা থানাধীন রায়নদী সংলগ্ন খাশিটানা খাল এলাকায়।

এরপর সোমবার (১৩ অক্টোবর) সকাল ৯টায় কোস্ট গার্ড স্টেশন কয়রা ও নৌ বাহিনীর কয়রা কন্টিনজেন্ট একটি যৌথ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ডাকাতদের ধাওয়া করে একটি একনলা বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ এবং তিন রাউন্ড ফাঁকা কার্তুজসহ এক সহযোগীকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি হলেন সাগর শেখ ওরফে জয় শীল (৪১)। তিনি নব মুসলিম এবং খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, দীর্ঘদিন ধরে তিনি ছোটন বাহিনী’র সঙ্গে যুক্ত থেকে ডাকাতি কার্যক্রম এবং দলটিকে অস্ত্র ও রসদ সরবরাহে সহায়তা করে আসছিলেন।

আটককৃত আসামি ও জব্দকৃত অস্ত্র-গুলি আইনি প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।