৮০৪ শহীদ পরিবার পাচ্ছে রাজধানীতে ৯৫ লাখ টাকার ফ্ল্যাট

whatsapp sharing button

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মৃতিকে সম্মান জানিয়ে রাজধানীর মিরপুরে নির্মিত হতে যাচ্ছে স্থায়ী আবাসন। নেওয়া হচ্ছে শহীদ পরিবারের জন্য ফ্ল্যাট নির্মাণ প্রকল্প। এই প্রকল্প আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য উঠছে। এই প্রকল্পসহ মোট ১৩টি প্রকল্প উঠছে একনেক সভায়। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম একনেকসভাটি আজ রবিবার রাজধানীর শেরেবাংলানগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস। সভায় মোট আট হাজার ৯১০ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ের ১৩টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এর মধ্যে সরকারি অর্থায়ন ধরা হয়েছে আট হাজার ৮১৯ কোটি ৯৩ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়ন ৫২ কোটি ৭২ লাখ এবং প্রকল্প ঋণ ১৪৩ কোটি ৩৩ লাখ টাকা।

প্রকল্পগুলোর মধ্যে সাতটি নতুন, চারটি সংশোধিত এবং দুটি প্রকল্পে কেবল মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

এই একনেক সভার সবচেয়ে ব্যতিক্রমধর্মী ও আলোচিত প্রকল্প হচ্ছে ‘৩৬ জুলাই’ আবাসিক ফ্ল্যাট নির্মাণ। প্রকল্পের আওতায় শহীদ পরিবারগুলোর জন্য মিরপুরের ১৪ নম্বর সেকশনে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নিজস্ব জমিতে নির্মাণ করা হবে ৮০৪টি আবাসিক ফ্ল্যাট। ফ্ল্যাটগুলোর প্রতিটিই হবে এক হাজার ৩৫৫ বর্গফুট আয়তনের, যাতে থাকবে দুটি শয়নকক্ষ, একটি বসার ঘর, একটি লিভিংরুম, ডাইনিং স্পেস, রান্নাঘর এবং তিনটি টয়লেট।

ছয়টি ১৪ তলা এবং ১০টি ১০ তলা ভবনে এসব ফ্ল্যাট নির্মাণের জন্য ব্যয় ধরা হয়েছে ৭৬১ কোটি ১৬ লাখ টাকা। পুরো অর্থ সরকারি তহবিল থেকে ব্যয় করা হবে। নির্মাণ শেষে প্রতিটি ফ্ল্যাটের বাজারমূল্য হবে প্রায় ৯৫ লাখ টাকা, যা শহীদ পরিবারগুলোর মধ্যে বিনামূল্যে বিতরণ করা হবে।

ফ্ল্যাটগুলোয় থাকবে আধুনিক সব নাগরিক সুবিধা। উন্নতমানের স্যানিটারি ও বৈদ্যুতিক ফিটিংস, লিফট, জেনারেটর, অগ্নিনির্বাপক ও অগ্নিনিরোধক ব্যবস্থা, সোলার প্যানেল এবং রেইন ওয়াটার হারভেস্টিংয়ের ব্যবস্থা থাকবে প্রতিটি ভবনে। পাশাপাশি প্রকল্প এলাকার অভ্যন্তরে থাকবে কমিউনিটি ভবন, খেলার মাঠ, বহির্বিদ্যুৎ সংযোগ, পয়োনিষ্কাশনব্যবস্থা, ড্রেন ও কালভার্ট এবং নিজস্ব গভীর নলকূপ। এই প্রকল্প অনুমোদন করা হলে চলতি বছরের জুলাই মাসে কাজ শুরু হয়ে ২০২৯ সালের জুনে তা শেষ হবে।