অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, যারা উপদেষ্টা হয়েছেন, তাদের অনেককেই বিশ্বাস করা আমাদের ভুল হয়েছে। আমাদের উচিত ছিল ছাত্র নেতৃত্বকেই শক্তিশালী করা, সরকারে গেলে সম্মিলিতভাবে যাওয়া। আমরা নাগরিক সমাজ ও রাজনৈতিক দলকে যে বিশ্বাস করেছিলাম বা তাদের ওপর আস্থা রেখেছিলাম সেই জায়গায় আমরা আসলে প্রতারিত হয়েছি । অনেকে উপদেষ্টাই নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছেন বলেও মন্তব্য করেছেন তিনি।
সাবেক এই উপদেষ্টা বলেন, অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছেন অথবা গণ-অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। যখন সময় আসবে আমরা এদের নামও উন্মুক্ত করব।
তিনি আরো বলেন, অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আঁতাত করে ফেলেছে। তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছেন।
তারা মনে করছেন— তাদের ক্ষমতায় টিকিয়ে রেখেছে রাজনৈতিক দলগুলোর সাপোর্ট; এই সাপোর্ট ছাড়া তারা সরকার পরিচালনা করতে পারবেন না। এটাও সত্য— রাজনৈতিক দলগুলো নানান বাধা দিয়েছে।
ছাত্রনেতাদের উপদেষ্টার আসনে বসার সিদ্ধান্ত ভুল ছিল কি না এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন, সরকারে ছাত্রদের উপস্থিতি না থাকলে এই সরকার তিন মাসও টিকতে পারত না।