এনসিপি কেন্দ্রীয় কমিটি থেকে সাবেক দুই সেনা কর্মকর্তা পদত্যাগ 

whatsapp sharing button

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটি থেকে সাবেক দুই সেনা কর্মকর্তা পদত্যাগ করেছেন। 

বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা। 

পদত্যাগ করা দুই নেতা হলেন- এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মেজর (অব.) আবদুল্লাহ আল মাহমুদ ও কেন্দ্রীয় সদস্য মেজর (অব.) মো. সালাউদ্দিন।

সংবাদ সম্মেলনে আবদুল্লাহ আল মাহমুদ বলেন, ‘গাজীপুর-৩ আসন নিয়ে দীর্ঘদিন কাজ করেছি।এ কারণে এনসিপিতে আমার নাম আসে। তবে জাতীয় নির্বাচনে আমি এনসিপির ব্যানারে অংশ নেব না বলে সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচন নিয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত জানাব।’

পদত্যাগের কারণ সম্পর্কে তিনি বলেন, ‘এনসিপির সিনিয়র নেতারা নিয়মিত সেনাবাহিনী ও সাবেক সেনাসদস্যদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেন, যা নিয়ে একাধিকবার দলের সিনিয়র নেতৃত্বকে অবহিত করলেও এর কোনো সুরাহা মেলেনি।’

সাবেক এই সেনা কর্মকর্তা অভিযোগ করে বলেন, ‘এনসিপির নেতারা নিজস্ব বলয়ের বাইরে গিয়ে কাউকে ‌বিশ্বাস করতে পারার মানসিকতা রাখেন না। দলে নিজস্ব বলয় তৈরি হয়েছে। বাইরের কোনো মত শোনার মানসিকতা নেই। সাবেক সেনা সদস্যদের দল থেকে শূন্য করে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। এই পরিবেশে আর কাজ করা সম্ভব নয়। রাজনৈতিক দলে পরমতসহিষ্ণুতা না থাকলে সেই দল দীর্ঘ পথ চলতে পারে না।’

তিনি বলেন,  ‘আমরা দেশের জন্য নতুন পরিসরে কাজ করার প্রত্যাশায় এনসিপিতে যোগ দিয়েছিলাম। কিন্তু গণতান্ত্রিক চর্চার অভাব ও ভিন্নমতের প্রতি অসম্মান আমাদের হতাশ করেছে। সশস্ত্র বাহিনীর সদস্যদের অসম্মানজনক মন্তব্য সহ্য করা আর সম্ভব নয়। তাই আজ থেকে আমাদের এনসিপির সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই।’