আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে ৩০০ আসনে বিএনপির দলীয় প্রার্থী কিংবা সমর্থিত প্রার্থীর মনোনয়ন প্রক্রিয়া প্রায় চূড়ান্ত ধাপে রয়েছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত জানানোর পর নির্বাচন কমিশন যথাসময় নির্বাচনের তফশিল ঘোষণা করবে। জনগণের বহুল প্রতীক্ষিত এই নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে গণতন্ত্রকামী জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি সম্ভাব্য সব প্রস্তুতি সম্পন্ন করছে। এর অংশ হিসেবে ৩০০ সংসদীয় আসনে মনোনয়ন প্রক্রিয়া প্রায় চূড়ান্ত ধাপে রয়েছে।
রোববার রাতে রাজধানীর একটি হোটেলে প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন।
বিএনপির একাধিক মনোনয়নপ্রত্যাশীর প্রসঙ্গে তারেক রহমান বলেন, জনসমর্থিত এবং জনপ্রিয় দল হওয়ার কারণে প্রতিটি নির্বাচনি আসনে বিএনপির একাধিক যোগ্য প্রার্থী মনোনয়ন প্রত্যাশা করছেন। করাটাই স্বাভাবিক। একটি রাজনৈতিক দলের জন্য এটি অবশ্যই গৌরব এবং সম্মানের। দেশের প্রতিটি সংসদীয় আসনে বিএনপির একাধিক যোগ্য এবং জনপ্রিয় প্রার্থী থাকা সত্ত্বেও প্রত্যেককে মনোনয়ন দেওয়া সম্ভব নয়। ভিন্ন রাজনৈতিক দলের যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমাদের সঙ্গে রাজপথের সঙ্গী ছিলেন- এমন প্রার্থীকেও বিএনপি সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই বাস্তবতার কারণে হয়তো কিছু সংসদীয় আসনে বিএনপি দলীয় প্রার্থীরা মনোনয়ন বঞ্চিত হবেন। বিএনপির সর্বস্তরের নেতাকর্মী সমর্থকদের কাছে আমাদের প্রত্যাশা, দেশ এবং জনগণের বৃহত্তর স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আপনারা এই বাস্তবতাটিকে মেনে নিবেন। দলের সিদ্ধান্তকেই চূড়ান্ত হিসেবে গণ্য করবেন।
দলীয় মনোনয়নপ্রত্যাশী ও নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। শিগগিরই পর্যায়ক্রমে বিভিন্ন আসনে বিএনপির মনোনীত দলীয় প্রার্থীদের নাম দলের পক্ষ থেকে আমরা জানিয়ে দেব। দল যাকেই যে আসনে নমিনেশন দেবে, তাকে বিজয়ী করে আনার জন্য জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী প্রত্যেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মনে রাখবেন, আপনাদের চারপাশে সুপ্ত আকাঙ্ক্ষা নিয়ে গুপ্ত স্বৈরাচার কিন্তু ওতপেতে রয়েছে। নিজেদের মধ্যে রেশারেশি বিবাদ-বিরোধ এমন পর্যায়ে নেওয়া ঠিক হবে না, যাতে করে প্রতিপক্ষ সুযোগ নিতে পারে।
তারেক রহমান বলেন, প্রতিটি সংসদীয় আসনে বিএনপির একাধিক প্রার্থী, যারা নিজ নিজ এলাকায় জনগণের সমর্থন পেতে গণসংযোগ করছেন, সবাই কিন্তু শেষ পর্যন্ত শহীদ জিয়ার অনুসারী। খালেদা জিয়ার সৈনিক, বিএনপির কর্মী ধানের শীষের সমর্থক। মনে রাখবেন, ধানের শীষ জিতলে আপনি জিতেছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিশ্বের বিভিন্ন দেশে প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন। চাকরি কিংবা পেশাগত কারণে অনেকে যেমন প্রবাসী হয়েছেন, ঠিক একইভাবে বিগত ১৫-১৬ বছরে কেউ কেউ ফ্যাসিস্টের রোষানলে পড়েও প্রবাসী হতে বাধ্য হয়েছেন। বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিভিন্নভাবে যার যার অবস্থান থেকে অত্যন্ত সোচ্চার ভূমিকা রেখেছেন। দেশে গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নিরলস ভূমিকার জন্য প্রবাসীদেরকে অভিনন্দন জানান তিনি।
বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ভবিষ্যতে প্রবাসী বাংলাদেশিদের ভোটগ্রহণ প্রক্রিয়াটি আরও কিভাবে সহজ করা সম্ভব হয়, সে পদক্ষেপ আমরা অবশ্যই নেব।