যেসব আসনে একাধিক জনপ্রিয় প্রার্থী সেই ক্ষেত্রে কী করবে বিএনপি ?

whatsapp sharing button

দেশের বেশির ভাগ আসনে একাধিক প্রার্থী থাকায় দ্বিধাবিভক্ত হয়ে পড়ছেন বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা। এমন আসনও আছে, যেখানে বাবা-ছেলে এবং ভাই-বোন আলাদাভাবে গণসংযোগ করছেন। এ অবস্থায় বিবাদ-গ্রুপিং এড়াতে এখনই প্রতি আসনে একক প্রার্থী নির্বাচনি মাঠে নামাতে চায় বিএনপি।

দ্রুত আসনভিত্তিক একক প্রার্থীকে ‘সবুজ সংকেত’ না দিলে অনেক জায়গায় দ্বন্দ্ব-গ্রুপিং বাড়তে পারে বলে শঙ্কার কথা কেন্দ্রকে জানিয়েছে বিএনপির তৃণমূল নেতারা। এতে নড়েচড়ে বসেছে দলটির নীতিনির্ধারকরা। তারা তৃণমূল নেতাদের ডেকেছেন এবং নির্দেশনা দিয়েছেন। যারা এই নির্দেশনা মানবেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

সম্প্রতি দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, শিগ্গিরই আসনভিত্তিক একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য আমরা গ্রিন সিগন্যাল (সবুজ সংকেত) দেব। তবে সেটা চূড়ান্ত নয়। তফশিল ঘোষণার পর পার্লামেন্টারি বোর্ডের মাধ্যমে আমরা চূড়ান্ত মনোনয়ন দেব।

তিনি এও বলেন, প্রতিটি আসনে আমাদের একাধিক যোগ্য প্রার্থী আছেন। অনেক আসনে আমাদের পাঁচজন, সাতজন এবং দশজন করে যোগ্য প্রার্থী আছেন। সুতরাং একটা নিয়মতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রার্থী বাছাইয়ের বিষয়টি আমাদের দেখতে হচ্ছে।

দলীয় সূত্র জানায়, আগামী নির্বাচনে মনোনয়নের প্রক্রিয়াটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই দেখভাল করছেন। ইতোমধ্যে বিএনপির স্থায়ী কমিটি তার ওপর এই দায়িত্ব দিয়েছে। তবে আগামী দিনে দলীয় মনোনয়ন কারা পাবেন, সে সম্পর্কে ধারণা দিয়েছে বিএনপির হাইকমান্ড।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কোনো একটি পার্টিকুলার এলাকা থেকে দলের এমন একজন ব্যক্তিকেই নমিনেশন দিতে চাইব, যিনি ওই এলাকার সমস্যা সম্পর্কে সচেতন আছেন। যার সঙ্গে ওই এলাকার মানুষের সম্পৃক্ততা আছে, ওঠাবসা আছে, মানুষের সমস্যা সমাধান করতে সক্ষম। যার সঙ্গে ওই এলাকার বিভিন্ন শ্রেণির মানুষ, তরুণ, নারী, মুরুব্বিসহ ছাত্র-ছাত্রী সবার যোগাযোগ আছে। এ ধরনের মানুষকেই আমরা অগ্রাধিকার দেব।