মাঠে ধারাবাহিক পারফরম্যান্সের প্রত্যাশিত প্রভাব পড়ল ফিফা র্যাঙ্কিংয়ে। মেয়েদের ফুটবলে ফিফার সবশেষ হালনাগার র্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়েছে বাংলাদেশ।
ফিফা প্রকাশিত বৃহস্পতিবার র্যাঙ্কিংয়ে ১১৭৯.৮৯ রেটিং পয়েন্ট নিয়ে ১০৪ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। আগের চেয়ে রেটিং পয়েন্ট বেড়েছে +৮০.৫১। এবারের এবারের হালনাগাদ র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি এগোনো দলও বাংলাদেশ।
গত জুনে মিয়ারমার সফরে র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা দুই দলকে হারানোয় এমন উন্নতি হয়েছে বাংলাদেশের। তখন বাংলাদেশের অবস্থান ছিল ১২৮তম। এশিয়া কাপের বাছাইয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে ও ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে হারায় মেয়েরা। মাঠের ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে পিটার বাটলারের দল।
তবু ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের মেয়েদের এটি সেরা অবস্থান নয়। ২০১৩ ও ২০১৭ সালে (১৫ ডিসেম্বর) দুবার ঠিক ১০০তম অবস্থানে উঠে এসেছিল বাংলাদেশের মেয়েরা।
বাংলাদেশের কাছে হেরে ১৯ ধাপ পিছিয়েছে বাহরাইনের মেয়েরা। তাদের অবস্থান এখন ১১১তম। মিয়ানমার পিছিয়েছে এক ধাপ (৫৬তম)।
মেয়েদের র্যাঙ্কিংয়ের শীর্ষ তিনেও আছে পরিবর্তন। দ্বিতীয় স্থান থেকে শীর্ষে উঠে এসেছে ইউরো রানার্স-আপ স্পেন। চূড়া থেকে দুইয়ে নেমে এসেছে যুক্তরাষ্ট্র। তিন ধাপ এগিয়ে তিনে উঠে এসেছে সুইডেন। কোপা আমেরিকাজয়ী ব্রাজিল নেমে গেছে সাতে। আর্জেন্টিনার মেয়েদের অবস্থান ৩০তম।
এশিয়ার মধ্যে সেরা দলে আছে কেবল জাপান (৮ম) ও উত্তর কোরিয়া (১০)।