নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তুরস্কের

whatsapp sharing button

গাজায় গণহত্যা চালানোর অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ ৩৭ ইসরাইলি কর্মকর্তার বিরুদ্ধে গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্ক।

শুক্রবার ইস্তানবুলের প্রসিকিউটর অফিস জানায়, তালিকাভুক্ত ৩৭ জন সন্দেহভাজনের মধ্যে রয়েছেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ, জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এবং সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির। ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে ‘গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের’ অভিযোগ এনেছে তুরস্ক, যা গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে ‘পরিকল্পিতভাবে’ চালিয়েছে তেল আবিব।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘২০২৩ সালের ১৭ অক্টোবর আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে হামলায় ৫০০ জন নিহত হন; ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি ইসরাইলি সেনারা ইচ্ছাকৃতভাবে চিকিৎসা সরঞ্জাম ধ্বংস করে দেয়। এ ছাড়া গাজা অবরোধ করা হয় এবং ভুক্তভোগীদের কাছে মানবিক সাহায্য পৌঁছাতে দেওয়া হয়নি।’

ইসরাইল এই পদক্ষেপকে ‘জনসংযোগের কৌশল’ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, অত্যাচারী তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সর্বশেষ জনসংযোগ কৌশল ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করছে।

গাজার শাসক গোষ্ঠী হামাস এই ঘোষণাকে স্বাগত জানিয়ে এটিকে তুরস্কের জনগণ এবং তাদের নেতাদের আন্তরিক অবস্থানের প্রশংসনীয় পদক্ষেপ আখ্যা দিয়েছে। তুরস্কের নেতারা ন্যায়বিচার, মানবতা ও ভ্রাতৃত্বের মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, যা তাদের আমাদের নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংযুক্ত করে।

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্তের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার প্রায় এক বছর পর তুরস্কের তরফ থেকে এই ঘোষণা এসেছে। সূত্র : আলজাজিরা