খুলনায় নবাগত কর আইনজীবীদের অভ্যর্থনা
দেশের অর্থনৈতিক উন্নয়ন ও রাষ্ট্র পরিচালনার অন্যতম প্রধান ভিত্তি আয়কর। দেশের প্রতি দায়িত্ববোধ ও প্রকৃত দেশপ্রেমের পরিচয় দিতে হলে নাগরিকদের নিয়মিত আয়কর প্রদান নিশ্চিত করতে হবে। এমন মন্তব্য করেছেন খুলনা অঞ্চলের কর কমিশনার মোহা. আব্দুস সালাম।
সোমবার দুপুরে খুলনা কর আইনজীবী সমিতি মিলনায়তনে নবাগত কর আইনজীবী সদস্যদের উষ্ণ অভ্যর্থনা উপলক্ষে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথি বলেন, আয়কর শুধু রাজস্ব আদায়ের বিষয় নয়। এটি সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। রাষ্ট্রের উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে আয়কর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আরও বলেন, করদাতা ও সরকারের মধ্যে আস্থার সেতুবন্ধন তৈরি করেন কর আইনজীবীরা। ফলে কর আইনজীবীদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্মানজনক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ ফখরুল ইসলাম। তিনি নবাগত সদস্যদের উদ্দেশে বলেন, পেশাগত সততা, দক্ষতা ও করদাতাবান্ধব মনোভাবের মাধ্যমে আয়কর ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে। কর আইনজীবীদের সহযোগিতায় করদাতারা সহজে সঠিক নিয়মে কর প্রদান করতে পারছেন বলেও তিনি উল্লেখ করেন।
খুলনা কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খান মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে নবাগত সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়। সভাপতির বক্তব্যে তিনি বলেন, নতুন প্রজন্মের আইনজীবীদের সক্রিয় অংশগ্রহণ কর আইন পেশাকে আরও গতিশীল করবে এবং কর সংস্কৃতির বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।
সমিতির সাধারণ সম্পাদক এড. আওরঙ্গজেব এর সঞ্চালনায় অনুষ্ঠানে সমিতির জ্যেষ্ঠ সদস্য, নবীন কর আইনজীবী মো: আতাউর রহমান রাজিব, সাহেলা সুলতানা, ফারহানা আহমেদ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা দেশের রাজস্ব খাত শক্তিশালী করতে করদাতাদের সচেতনতা বৃদ্ধি, ডিজিটাল করব্যবস্থা সম্প্রসারণ এবং করবান্ধব পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে একই স্থানে সমিতির সাধারণ সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।