ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না বলে জানিয়েছেন খুলনার জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার। একই সঙ্গে তিনি নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষতা বজায় রাখা, ভুয়া তথ্য মোকাবেলা এবং প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানান।
রবিবার সকালে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) আয়োজিত নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খুলনা নগরীর সার্কিট হাউজে অনুষ্ঠিত কর্মশালায় খুলনা জেলার ৫০ জন এবং নয়টি উপজেলার ৪৫ জন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক অংশ নেন।
জেলা প্রশাসক বলেন, চাকরির ক্ষতি হলেও আমরা নিরপেক্ষ থাকব, এই মানসিকতা নিয়েই নির্বাচন পরিচালনা করছি। তিনি জানান, খুলনায় যোগদানের শুরুতে আইনশৃঙ্খলা পরিস্থিতি চ্যালেঞ্জিং থাকলেও প্রশাসন ও খুলনা মেট্রোপলিটন পুলিশের সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি বর্তমানে অনেকটাই সহনশীল পর্যায়ে এসেছে।
নির্বাচন পরিচালনা সম্পর্কে জেলা প্রশাসক বলেন, অবৈধ কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে স্পষ্ট নির্দেশনা রয়েছে এবং নিয়মের বাইরে একটি কাজও করা হয়নি। খুলনার পাঁচটি সংসদীয় আসনের নির্বাচন পরিস্থিতিকে এখন পর্যন্ত আদর্শ উল্লেখ করে তিনি বলেন, প্রার্থীরা এমনকি হেভিওয়েট প্রার্থীরাও অত্যন্ত সহযোগিতাপূর্ণ আচরণ করছেন। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক নির্বাচনী কার্যক্রম আরও গতিশীল হবে। এরই মধ্যে অভিযোগ গ্রহণ কেন্দ্র খোলা হয়েছে এবং অন্যান্য জেলার তুলনায় এখানে অভিযোগের সংখ্যা তুলনামূলক কম।
সাংবাদিকদের সমাজের দর্পণ আখ্যা দিয়ে তিনি বলেন, আপনারা অনিয়ম তুলে ধরেন বলেই আমরা অনেক বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারি। তবে নির্বাচনকালীন সময়ে ভুল তথ্য ও বিভ্রান্তিকর অপতথ্যকে সবচেয়ে বড় হুমকি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি, ভিডিও ও তথ্য ছড়ানোর আশঙ্কা বাড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
পিআইবির সানোয়ার সাইদ শাহীনের সঞ্চালনায় কর্মশালায় আরও বক্তব্য দেন প্রশিক্ষণের রিসোর্স পার্সন দৈনিক আমার দেশ-এর ডেপুটি এডিটর সুলতান মাহমুদ বাদল, খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে)-এর সভাপতি মো. রাশিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা।
দুই দিনব্যাপী এই কর্মশালা শেষ হবে সোমবার (১৯ জানুয়ারি)।