খুলনায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

whatsapp sharing button

খুলনা উপআঞ্চলিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে খুলনা জিলা স্কুল মাঠে বর্ণাঢ্য আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হলে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকা অত্যন্ত জরুরি। সময়কে সুন্দরভাবে কাজে লাগাতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা শারীরিকভাবে সুস্থ থাকার পাশাপাশি নেতৃত্ব প্রদানের দক্ষতা অর্জন করে।

তিনি আরও বলেন, সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যারা খেলাধুলা করে তারা পড়াশোনাতেও ভালো ফলাফল অর্জন করে। তাই শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে শিক্ষকদের আরও উদ্যোগী হতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের অনিয়ন্ত্রিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের বিষয়ে সচেতন থাকতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চল উপপরিচালক মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা এবং জেলা শিক্ষা অফিসার এস. এম. ছায়েদুর রহমান।

অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, ক্রীড়া চর্চার মাধ্যমে শৃঙ্খলা, সহনশীলতা ও দলগত মনোভাব গড়ে ওঠে, যা ভবিষ্যৎ জীবনে সফল হতে সহায়ক।

এ প্রতিযোগিতায় খুলনা বিভাগের ১০ জেলার বাছাই করা শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে খুলনা জিলা স্কুল মাঠ উৎসবমুখর হয়ে ওঠে।