বিশ্ববাজারে সোনার দাম ইতিহাস

whatsapp sharing button

সোনার দাম সামান্য পতনের পর আবারও বড় লাফ দিয়েছে। এবারের উত্থানে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে মূল্যবান হলুদ ধাতুর দাম। একইসঙ্গে রুপার দামও নতুন রেকর্ড স্পর্শ করেছে। বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে সোনা ও রুপার দিকে ঝুঁকেছেন।

বিশ্ববাজারে এই উত্থানের পেছনে মূল কারণ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউরোপের কয়েকটি শীর্ষ দেশকে শুল্ক আরোপের হুমকি উল্লেখ করা হচ্ছে। শনিবার (১৭ জানুয়ারি) তিনি ঘোষণা দেন, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড থেকে আমদানি করা সব পণ্যের ওপর ১ ফেব্রুয়ারি থেকে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ হবে। ট্রাম্প বলেন, যতক্ষণ না পর্যন্ত যুক্তরাষ্ট্রকে গ্রিনল্যান্ড কেনার অনুমতি দেওয়া হবে, ততক্ষণ এই শুল্ক অব্যাহত থাকবে।

সোমবার (১৯ জানুয়ারি) মার্কিন স্পট মার্কেটে লেনদেনের একপর্যায়ে প্রতি আউন্স সোনার দাম বেড়ে সর্বোচ্চ ৪,৬৯০.৫৯ ডলারে পৌঁছায়। একই সময়ে রুপার দামও আউন্স প্রতি ৯৪.১২ ডলারে পৌঁছে, যা নতুন রেকর্ড। (১ আউন্স = প্রায় ২.৪৩ ভরি) এশিয়ার বাজারেও দিন শুরুতেই এই প্রবণতা স্পষ্ট দেখা গেছে।

বিশ্লেষকদের মতে, শুল্ক আরোপ ও সম্ভাব্য বাণিজ্য উত্তেজনা অনিশ্চয়তা বাড়ায়, ফলে বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ এড়িয়ে সোনা ও রুপার মতো নিরাপদ সম্পদের দিকে আগ্রহী হয়েছেন। এই কারণেই বিশ্ববাজারে সোনা-রুপার দাম নতুন উচ্চতায় পৌঁছেছে।

দেশের বাজারেও ইতোমধ্যেই সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে বিক্রি হচ্ছে। গত ১৫ জানুয়ারি থেকে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকায়। ২১ ক্যারেটের সোনা প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ৭ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৯৮৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকায় বিক্রি হচ্ছে।

রুপার দামের ক্ষেত্রেও নতুন রেকর্ড তৈরি হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৯৪৯ টাকায়, ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ৭১৫ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৮৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৬৭৪ টাকায় বিক্রি হচ্ছে।

বিশ্ববাজারে সোনা-রুপার দামে এই নতুন উত্থান দেশের বাজারেও প্রভাব ফেলতে পারে। তাই বাংলাদেশেও শীঘ্রই নতুন রেকর্ড গড়ে উঠার সম্ভাবনা দেখা দিয়েছে, যা বিনিয়োগকারীদের জন্য আশার বার্তা বয়ে আনছে।