কেনিয়ার বিস্তীর্ণ অঞ্চলে সৃষ্ট বিশাল এক ভূমিকম্পজনিত ফাটল আফ্রিকা মহাদেশকে ভবিষ্যতে দুই ভাগে বিভক্ত করে দিতে পারে—এমন আশঙ্কার কথা জানিয়েছেন বিজ্ঞানীরা। দেশটির গ্রেট রিফট ভ্যালি এলাকায় এই গভীর ও দীর্ঘ ফাটল স্পষ্ট হয়ে উঠেছে।
ভূতত্ত্ববিদদের মতে, আফ্রিকান টেকটোনিক প্লেট ধীরে ধীরে দুটি ভাগে বিভক্ত হচ্ছে—নুবিয়ান প্লেট ও সোমালি প্লেট। এই প্রক্রিয়া চলতে থাকলে কয়েক কোটি বছর পর পূর্ব আফ্রিকার একটি অংশ মূল মহাদেশ থেকে আলাদা হয়ে নতুন একটি সাগর তৈরি হতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, এটি তাৎক্ষণিক কোনো বিপর্যয় না হলেও পৃথিবীর ভূ-গঠন পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক প্রক্রিয়া। কেনিয়ার এই বিশাল ফাটল সেই পরিবর্তনেরই দৃশ্যমান প্রমাণ বলে মনে করা হচ্ছে।