পাকিস্তান আফগানিস্তাকে বাণিজ্য বিষয়ে যে শর্ত দিলো

whatsapp sharing button

তালেবান সরকার স্থানীয় ব্যবসায়ীদের পাকিস্তানের পরিবর্তে অন্য দেশের সঙ্গে বাণিজ্য করার নির্দেশ দেয়। পাশাপাশি সতর্ক দেয়, পাকিস্তানের সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখার কারণে যদি ব্যবসায়ীরা কোনো সমস্যায় পড়েন, তাহলে আফগান সরকার দায়ী থাকবে না।

তালেবান সরকারের এমন সতর্কতার প্রতিক্রিয়ায় পাক পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত আফগান সরকার সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে আশ্রয় এবং সমর্থন দেয়া অব্যাহত রাখবে, ততক্ষণ পর্যন্ত কাবুলের সঙ্গে কোনো বাণিজ্য বা অর্থনৈতিক সম্পর্ক রাখা সম্ভব নয়। ইসলামাবাদ অভিযোগ করে আসছে, আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে সন্ত্রাসী হামলা চালানো হয়। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে, পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির হুসেন আন্দ্রাবি জোর দিয়ে বলেন, পাকিস্তান আঞ্চলিক বাণিজ্য ও সংযোগের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তবে এই প্রতিশ্রুতি আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের সঙ্গে সহাবস্থান করতে পারে না। আমরা আফগানিস্তানকে বেশ কিছু বাণিজ্য ছাড় দিয়েছি, কিন্তু আফগান তালেবান সরকার এই ইতিবাচক পদক্ষেপগুলোর প্রতিদান দেয়নি। তারা পাকিস্তানের বিরুদ্ধে হামলা চালাতে সন্ত্রাসীদের আশ্রয় এবং সক্রিয়ভাবে সমর্থন করে চলেছে।’

তিনি বলেন, বাণিজ্য ও অর্থনীতির চেয়ে মানুষের জীবন অনেক বেশি গুরুত্বপূর্ণ। আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য ও পরিবহন কেবল তখনই সম্ভব, যখন আফগান তালেবান সরকার তার ভূখণ্ড থেকে পরিচালিত পাকিস্তান বিরোধী সন্ত্রাসবাদের বিরুদ্ধে স্পষ্ট পদক্ষেপ নেবে।’

আরএ