বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে আইনগত কোনো বাধা রয়েছে এমন কোনো তথ্য জানা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ-বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
গতকাল সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আইন উপদেষ্টা আরো বলেন, তারেক রহমানের কখন দেশে ফিরতে হবে সেটি জিয়া পরিবারই ভালো বুঝবে। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকমের আইনগত বাধা আছে বলে আমার জানা নেই। যদি কোনো বাধা থেকেও থাকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো। ওনার নিরাপত্তার ব্যাপারেও আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো। আমি বিশ্বাস করি, কোনটি উপযুক্ত সময় সেটি ভালোভাবে নির্ধারণের ক্ষমতা ওনার রয়েছে।
ড. আসিফ নজরুল বলেন, আমরা অনেকে মন্তব্য করে থাকি, প্রশ্ন তুলি যে, তিনি কেন আসছেন না ? আমার কাছে এসব প্রশ্ন তোলা খুব অরুচিকর মনে হয়। এটি মা-ছেলের সম্পর্ক। এখানে বেগম খালেদা জিয়ার কোনো নির্দেশনা আছে কি না।তিনি উপযুক্ত সময়ে দেশে আসবেন বলে আমি বিশ্বাস করি।