জাতীয় সংসদ নির্বাচন যত এগিয়ে আসছে, দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে মেরূকরণ ততই স্পষ্ট হচ্ছে। দলগুলোর মধ্যে নির্বাচনি ঐক্য নিয়ে শুরু হয়েছে জোরালো আলোচনা। কোন দল কার সঙ্গে জোটবদ্ধভাবে বা আসন সমঝোতার ভিত্তিতে ভোটযুদ্ধে অংশ নেবে—তা নিয়ে চলছে দর কষাকষি।
জুলাই জাতীয় সনদের আইনিভিত্তি এবং সেই অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠানসহ কয়েকটি দাবিতে ছয়টি দলকে নিয়ে রাজপথে আন্দোলন করছে দেশের বড় বৃহত্তম ধর্মভিত্তিক দল জামায়াতে ইসলামী। যদিও এটিকে নির্বাচনি জোট বলতে রাজি নয় আন্দোলনে যুক্ত দলগুলো।
দলগুলোর নেতারা জানান, তারা আরো বৃহৎ জোট গঠনের কাজ করছেন। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণতন্ত্র মঞ্চ ও সিপিবির নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক জোটও নির্বাচনকে সামনে রেখে নয়া মেরূকরণ করতে চায়। এর পাশাপাশি বিভিন্ন দল নিয়ে একটি বড় নির্বাচনি জোট গঠন করতে চায় দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি।
সালাহউদ্দিন আহমেদ বলেন, বৃহত্তর নির্বাচনি জোট গঠন প্রক্রিয়া চালু আছে। বিষয়টি নিয়ে আমরা কাদের সঙ্গে কথা বলেছি তা যথাসময়ে প্রকাশ করব। যুগপৎ আন্দোলনের সঙ্গে যুক্ত সমমনা দল ও আন্দোলনের সঙ্গে যুক্ত সমমনা দল ও জোটসহ অন্যান্য উদার গণতান্ত্রিক, ইসলামি ও আলেমদের সমন্বয়ে এ জোট গঠন করা হবে। যুগপতের দল ও জোটের কাছে এরই মধ্যে আসনের তালিকা চেয়েছে বিএনপি।
যুগপৎ আন্দোলনে বিএনপির মিত্র দল ও জোটগুলো হলো—ছয় দলের সমন্বয়ে গঠিত গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, গণতান্ত্রিক বাম ঐক্য, জাতীয়তাবাদী সমমনা জোট, গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি), লেবার পার্টি ও গণঅধিকার পরিষদ।
১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার আমার দেশকে বলেন, বিএনপির সঙ্গে আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম। আগামী নির্বাচনেও একসঙ্গে অংশগ্রহণ করব। আমরা এরই মধ্যে বিএনপির আহ্বানে ৩০-৩৫টি আসনের একটি তালিকা দিয়েছি।
গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, বিএনপির নেতৃত্বে যে নির্বাচনি জোট হতে যাচ্ছে, তাতে আমরা আছি। ইতোমধ্যে আমরা সম্ভাব্য প্রার্থীদের তালিকাও জমা দিয়েছি।
এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বলেন, ২০১২ সাল থেকে তার দল বিএনপির সঙ্গে আছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে যে মেরূকরণ হচ্ছে, তাতেও বিএনপির সঙ্গে থাকবে তার দল।
গণতান্ত্রিক বাম ঐক্যের সাবেক সমন্বয়ক আবুল কালাম আজাদ বলেন, তারা বিএনপির উদ্যোগে যে নির্বাচনি জোট হতে যাচ্ছে, তাতে থাকছেন। এরই মধ্যে তাদের জোট সম্ভাব্য প্রার্থী তালিকাও জমা দিয়েছে।
বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ আমার দেশকে বলেন, তার দল বিএনপির জোটের সঙ্গে আছে। পার্থ ঢাকার একটি আসন থেকে নির্বাচন করার কথা জানিয়েছেন।
জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, যুগপৎ আন্দোলনে বিএনপির সঙ্গে আমাদের জোট ছিল। আগামীতেও যেকোনো মেরূকরণে বিএনপির সঙ্গে থাকব।