৫ আগস্টের পর সবাই বিএনপি হয়ে গেছে, এখন মঞ্চে জায়গা পাই না : অ্যাড. দুলু

whatsapp sharing button

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, পিআর না, ফেয়ার নির্বাচন চায় জনগণ। বিএনপির ভাবমূর্তি ও সুনাম নষ্ট করতে ষড়যন্ত্র করা হচ্ছে। বিএনপি ক্ষমতায় না যেতেই চক্রান্তের শিকার হচ্ছে। চক্রান্তের বিরুদ্ধে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

শনিবার (১২ জুলাই) দুপুরে নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত শ্রমিকদলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। 

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘‘গত ১৮ বছর বিএনপিকে ধ্বংস করতে নেতাকর্মীদের ওপর নিপীড়ন ও নির্যাতন করা হয়েছে যেন বিএনপি দেশ থেকে চিরতরে নিঃশেষ হয়ে যায়। বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে হামলা করে পুঙ্গ করা হয়েছে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ এমন কোনো নেতাকর্মী নেই, যারা নির্যাতনের স্বীকার হননি। বর্তমানে বিএনপির ভাবমূর্তি ও সুনাম নষ্ট করতে ষড়যন্ত্র করা হচ্ছে।’’

‘‘গত ৫ আগস্টের পর সবাই বিএনপি হয়ে গেছে। আগে মিছিল করতে লোক পেতাম না, এখন মঞ্চে জায়গা পাই না। যারা আগে অন্যায় অপরাধ করেছে, তাদের দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। যারা অন্যায় অত্যাচারের সঙ্গে জড়িত তাদের বিএনপিতে কোনো জায়গা নেই। শহীদ জিয়াউর রহমান বিএনপিতে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ, খুনিদের দলে স্থান দেননি। তারেক রহমানও বিএনপিতে কোনো অপরাধী, সন্ত্রাসী, খুনিদের জায়গা দেবেন না।’’

তিনি আরও বলেন, ‘‘জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি শ্রমিকরা ভূমিকা পালন করেছেন। ছাত্ররা যখন গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে আছে, তখন একজন ভ্যানচালক সিএনজি, অটোতে করে তাকে হাসপাতালে নিয়ে গেছেন। একজন রিকশাচালক তার গাড়িতে করে জীবনের ঝুঁকি নিয়ে ক্লিনিকে ভর্তি করেছেন।

নাটোর জেলা যুবদলের সভাপতি আবু রায়হান ভুলুর সভাপতিত্বে ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম বুলবুলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্যে রাখেন- কেন্দ্রীয় বিএনপির শ্রকিকদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম প্রমুখ।